বিডি গ্লোবাল ডেস্ক,
চুয়াডাঙ্গায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলার উন্নয়ন কার্যক্রম, আইনশৃঙ্খলা, সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা, পানি শোধনাগার, বর্জ্য ব্যবস্থাপনা ও কৃষিতে সার সরবরাহসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তারের সভাপতিত্বে সভায় জানানো হয়, চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে জেলা পরিষদের উদ্যোগে একটি বহুতল ভবন নির্মাণের কাজ শুরু হবে। পাশাপাশি বড় বাজারের হাসান চত্বর এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে সৌন্দর্যবর্ধনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
সভায় সদর হাসপাতালের নিরাপত্তা জোরদার, দীর্ঘদিন বন্ধ থাকা পৌর পানি শোধনাগার চালু এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। কৃষকদের সার প্রাপ্তি নিশ্চিত করতে অবৈধ মজুত ও বৈষম্য রোধে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।